নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম নগরের এক নেতা ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ লিখে মিছিলের ঘোষণা দেওয়ার ২০ মিনিটের মধ্যে নগরের ব্যস্ত সড়কে জড়ো হন সংগঠনটির নেতা–কর্মীরা। তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ২০ জনকে আটক করে।
আজ শুক্রবার বেলা দুইটার দিকে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নগর শাখার যুগ্ম আহ্বায়ক পরিচয় দেওয়া ইসতেকবার হোসাইন আজ বেলা ১টা ৪০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ঘোষণা দিয়ে পোস্ট দেন।
এতে তিনি লেখেন, ‘কিছুক্ষণের মধ্যে বীর চট্টলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মিছিল হবে, পারলে ঠেকাইস।’ওই পোস্ট দেওয়ার ২০ মিনিট পর অর্থাৎ বেলা দুইটার দিকে জুমার নামাজের পর সিনেমা প্যালেস এলাকায় ছাত্রলীগের নেতা–কর্মীরা জড়ো হন।
সূত্র: প্রথম আলো