‘৫-৬টা গেরিলা হোলাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো। ধামধুম বাড়িঘর জ্বালাই দিব।’ মুঠোফোনে একজনকে এভাবেই নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের প্রয়াত মেয়র ও আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবের বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার রাতে এ নির্দেশনার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা কণ্ঠস্বর শুনে দাবি করেছেন, মুঠোফোনে নির্দেশনা দেওয়া ব্যক্তি এ এইচ এম বিপ্লব। তবে এই অডিওটি তাঁর কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে বিপ্লবের মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত।
এ ছাড়া জেলায় ইসলামী ছাত্রশিবিরের নেতা এ এস এম মহসিন ও কামাল হত্যা মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।
সূত্র: প্রথম আলো