খুলনার কয়রায় সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের অভিযোগে কয়রা উপজেলা যুবদলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি–৬)। এসআরবির ভাষ্য, তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু দলের প্রধানের বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান (৩৭) ও আবদুর রহিম (২৬)। তাঁদের দুজনের বাড়িই কয়রা উপজেলায়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর কয়রা পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৬-এর উপ–অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম।এসআরবি-৬ কার্যালয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পাড়পাড়া এলাকায় জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়।
এ সময় সেখান থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
সূত্র: প্রথম আলো