চাঁদার দাবিতে ১৭ দিন বন্ধ থাকার পর পুলিশের পাহারায় খুলে দেওয়া হয়েছিল খুলনার টুটপাড়া এলাকার চয়নিকা ফার্মেসি। তবে চালুর ১৩ দিনের মাথায় আজ শুক্রবার ফার্মেসিটির সামনে গুলির ঘটনা ঘটেছে। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পর আবারও বন্ধ করে দেওয়া হয়েছে ফার্মেসিটি।আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে খুলনা শহরের টুটপাড়া সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জারিফুজ্জামানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি ফার্মেসির মালিক দৌলতুজ্জামানের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জারিফুজ্জামান ফার্মেসির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তাঁর পায়ে লাগে।এর আগে গত ২৮ অক্টোবর সন্ধ্যায় অস্ত্রধারী দুই ব্যক্তি চয়নিকা ফার্মেসিতে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
এই টাকা প্রস্তুত না রাখলে ফার্মেসির মালিককে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো