দেশের বাজারে ইয়ামাহা ব্র্যান্ডের নতুন দুটি মোটরসাইকেল নিয়ে এসেছে এসিআই মটরস্। মোটরসাইকেল দুটি হলো ইয়ামাহা এক্সএসআর ও ইয়ামাহা এমটি ভার্সন ২ মনস্টার এডিশন। এসিআই মটরস্ বলেছে, দেশে ১৫০ সিসি প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে তারা ‘বহুল প্রতীক্ষিত’ এ দুটি বাইক নিয়ে এসেছে।নতুন ইয়ামাহ এক্সএসআর মোটরসাইকেলটির দাম ৫ লাখ ৯৯ হাজার টাকা।
আর ইয়ামাহা এমটি ১৫ ভার্সন ২ মনস্টার এডিশনের দাম ৬ লাখ ২০ হাজার টাকা। তবে দুটি বাইকেরই প্রথম ১০০ ক্রেতার প্রত্যেকের জন্য রয়েছে ৫ হাজার টাকা করে বিশেষ মূল্যছাড়।রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এসিআই সেন্টারে আজ শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন মোটরসাইকেল দুটির বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান হাজিমে আওতা ও পরিচালক হিরোশি সেতোগাওয়া এবং এসিআই মটরস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুব্রত রঞ্জন দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্র: প্রথম আলো