‘মেঘেদের ছুটি কবে শেষ হবে, মা?’ ‘মেঘ আবার কে? সে কবে তোর বন্ধু হলো? কোনো দিন নাম শুনিনি তো! কোথায় ওর সঙ্গে তোর আলাপ? মেঘ ছুটিতে গেছেই বা কোথায়? কবে গেছে?’ —সুজাতা একসঙ্গে একগোছা প্রশ্ন ছুড়ে দিল বাবানের উদ্দেশ্যে। ‘এ বাবা! মা, তুমি ভেবেছ মেঘ শুধু আমার বন্ধু! মেঘ তো শুধু আমার বন্ধু নয়।’ ‘মেঘ শুধু তোর বন্ধু নয়! মেঘ তাহলে আর কার কার বন্ধু?’ ‘দাদু বলেছে, মেঘ আমাদের সবার বন্ধু। জানো না বুঝি! মেঘ আছে বলেই জল হয়।
আর জল হয় বলেই গাছপালা বাঁচে। আর আমরাও বাঁচি। ‘ওহ, তুই এতক্ষণ আকাশের মেঘের কথা বলছিলিস! আর আমি কী না কী ভাবছি। তা দাদু আর কী বলেছে?’ ‘দাদু বলেছে, মেঘেরা সব ছুটিতে গেছে।’ ‘মেঘেরা ছুটিতে গেছে! তা মেঘেরা ছুটিতে গেল কেন?’ ‘ওরা নিজেরা যায়নি, বড়রা নাকি সবাই মিলে ওদের ছুটিতে পাঠিয়ে দিয়েছে।’ ‘কেন?’‘আমিও দাদুকে জিজ্ঞেস করেছিলাম, বড়রা কেন মেঘেদের ছুটিতে পাঠিয়ে দিল? দাদু আমার প্রশ্ন শুনে চুপচাপ হয়ে গেল।
তারপর আস্তে আস্তে ঘাড় নাড়তে নাড়তে বলল, ‘লোভ আর স্বার্থকে পোষ মানাতে পারল না বলে।’ আমি চুপ করে দাদুর মুখের দিকে তাকিয়ে থাকাতে দাদু বলল, ‘দাদুভাই, এখন তুই সব বুঝবি না!
সূত্র: প্রথম আলো