রাজশাহীর পবা উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলিও ছোড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রে এই হামলা চালানো হয়।এ সময় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কয়েকটি ‘পেট্রলবোমা’ নিক্ষেপ ও তিনটি গুলি ছোড়ে বলে অভিযোগ করেছেন কর্মীরা।
এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এর আগের রাতেও সেখানে হামলার চেষ্টা হয়েছিল বলে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।পরপর দুই দিন একই উপকেন্দ্রে হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত উপকেন্দ্রের কার্যালয়ে ঢুকে পেট্রল–জাতীয় পদার্থভর্তি বোতল ছুড়ে মারে। এতে তিনটি বোতল বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
এ ছাড়া চারটি অবিস্ফোরিত বোতল ঘটনাস্থলে পড়ে ছিল।
সূত্র: প্রথম আলো