নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে সিদ্ধিরগঞ্জের দশতলা ভবন এলাকায় মেঘলা পরিবহনের একটি বাসে উঠেন দুই যুবক। তাঁরা বাসের পেছনের দিকের আসনে গিয়ে বসেন। বাসটি সেখান থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছানোর পর ওই দুজন দ্রুত নেমে যান। এর পরই হঠাৎ বাসে আগুন ছড়িয়ে পড়ে।
এ সময় কোনো রকমে বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান চালক ও সহকারীসহ ১০–১২ জন যাত্রী।গতকাল শুক্রবার রাত ৯টা ৪০মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাসের চালকের সহকারী তানজিল প্রথম আলোকে বলেন, ওই দুই যুবক বাসটি থেকে নেমে পড়ার কিছুক্ষণের মধ্যেই এতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন যে যেভাবে পেরেছেন, দ্রুত বাস থেকে নেমে যান।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, পুলিশও আসে।
সূত্র: প্রথম আলো