শিক্ষার্থী ১ হাজার ৮২১ জন। কিন্তু পাঠদানের জন্য নিয়মিত শিক্ষক আছেন মাত্র চারজন। ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মতো আবশ্যিক বিষয়সহ ছয়টি বিষয়ে কোনো শিক্ষকই নেই। শিক্ষক না থাকায় অনুমোদন থাকা সত্ত্বেও চারটি বিষয় শিক্ষার্থীরা নিতে পারেন না।বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত বগুড়া সরকারি কলেজের চিত্র এটি।
এমন পরিস্থিতিতে খণ্ডকালীন এবং অন্য কলেজ থেকে প্রেষণে আসা শিক্ষক দিয়ে কোনো রকমে কার্যক্রম চলছে শিক্ষা প্রতিষ্ঠানটির।কলেজ প্রশাসন সূত্র জানায়, ১৯৬২ সালে বগুড়া গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। তখন প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষসহ শিক্ষকের পদ ছিল আটটি। ২০১৬ সালের ১২ মে প্রতিষ্ঠানটিকে সাধারণ কলেজে রূপান্তরিত করে বগুড়া সরকারি কলেজ নামকরণ করা হয়।
বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক স্তরে ২৪টি বিষয়ে পাঠদানের অনুমতি রয়েছে।
সূত্র: প্রথম আলো