কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন বছরের এক শিশুকে মৃত ঘোষণাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জরুরি বিভাগের এক চিকিৎসকসহ হাসপাতালের চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আটটার দিকে মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার সাব্বির আহমেদের ছেলে রাফি (৩) পানিতে ডুবে যায়।
পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনেরা কান্নায় ভেঙে পড়লে কেউ একজন বলে ওঠেন—শিশু নড়ে উঠেছে। এরপরই শিশুর স্বজনেরা উত্তেজিত হয়ে পড়েন।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটিকে মৃত ঘোষণার পর স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
স্বজন ও স্থানীয় কিছু ব্যক্তি উত্তেজিত হয়ে চিকিৎসকের কক্ষে ঢুকে পড়েন।
সূত্র: প্রথম আলো