কিছু কষ্টের কোনো ভাষা হয় না। কিছু স্মৃতি মানুষ তালাবদ্ধ করে রাখে। বুকের গভীরে, অন্ধকার কোনো ঘরে। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, ভেতরে কতটা কান্না জমে আছে। টাইসন ফিউরির জীবনেও এমন একটি ঘর ছিল; যেখানে তিনি বছরের পর বছর কাউকে ঢুকতে দেননি।এবার সেই দরজা খুলেছেন ব্রিটিশ বক্সার। খুলেছেন স্ত্রী প্যারিসকে সঙ্গে নিয়ে।নেটফ্লিক্সের নতুন প্রামাণ্যচিত্র ‘টাইসন ফিউরি’তে উঠে এসেছে তাঁদের জীবনের এক বেদনাবিধুর অধ্যায়।
যে অধ্যায়ের কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি প্যারিস। আর ফিউরি জানিয়েছেন, হাসপাতাল থেকে মৃত সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাঁকে কীভাবে অনুরোধ করতে হয়েছিল। কীভাবে নিজের হাতে বাবার বাড়ির বাগানে সমাহিত করেছিলেন ছোট্ট সন্তানকে।ঘটনাটি ২০১৪ সালের। তখন তৃতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন প্যারিস। হাসপাতালে কয়েকটা টেস্ট করতে দিয়েছিলেন। একদিন বাড়িতে থাকা অবস্থায় চিকিৎসকদের ফোন পেলেন।
ফোনের ওপাশ থেকে জানানো হলো, তাঁর গর্ভের সন্তান আর বেঁচে নেই।
সূত্র: প্রথম আলো