রাজধানীতে হুপিং কাশির রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর)। সরকারি কর্মকর্তারা বলছেন, এই রোগে ভয় পাওয়ার কিছু নেই, হুপিং কাশির চিকিৎসা দেশে আছে। হামের প্রাদুর্ভাবের মধ্যে এবার নতুন করে হুপিং কাশি শনাক্ত হওয়ার কথা জানা গেল। হুপিং কাশি শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগ।
রোগটি টিকায় প্রতিরোধযোগ্য উল্লেখ করে জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা বলেছেন, এই রোগ শনাক্ত হওয়ায় শিশুদের টিকা পাওয়ার ঘাটতির দিকটি আরও স্পষ্ট হলো। এ ঘটনা দেশের মানুষের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হওয়ার লক্ষণ।গতকাল শনিবার আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী প্রথম আলোকে বলেন, রাজধানীতে হুপিং কাশির রোগী শনাক্ত হয়েছে। ইতিমধ্যে পাঁচজন রোগীর কথা জানা গেছে। তাঁরা চিকিৎসাধীন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দেশে কোনো হুপিং কাশির রোগী ছিল না।
সূত্র: প্রথম আলো