কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার রাজারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক মো. শাহীন মিয়া (৫৫) ও যাত্রী ইয়াছমিন আক্তার (২৮)। শাহীন ঢাকার মিরপুরের বাসিন্দা। তিনি দাউদকান্দি উপজেলা সদরে একটি ভাড়া বাসায় থাকতেন এবং শহরে অটোরিকশা চালাতেন।
ইয়াছমিন দাউদকান্দি উপজেলার বড়গোয়ালী গ্রামের বাসিন্দা।দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ জানায়, আজ সকালে দাউদকান্দি বিশ্বরোড এলাকা থেকে ইয়াছমিনকে অটোরিকশায় নিয়ে শাহীন গৌরীপুরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাজারহাট এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এ ঘটনায় চালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে হাইওয়ে থানার টহল পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সূত্র: প্রথম আলো