দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। কুয়াশার দাপট কমে যাওয়ায় দিনের বেলা ঝলমলে রোদের দেখা মিললেও রাতভর অনুভূত হচ্ছে ঠান্ডা। আজ রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এটি সারা দেশের মধ্যেও সর্বনিম্ন তাপমাত্রা বলে জানা গেছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।অগ্রহায়ণ মাসের শুরুর দিন থেকেই পঞ্চগড়ে মেঘলা আকাশ আর কুয়াশার সঙ্গে উত্তরের ঝিরিঝিরি বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছিল।
বিকেল হলেই গায়ে শীতের কাপড় জড়িয়ে বের হতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের।
সূত্র: প্রথম আলো