কম্পিউটারের কার্যক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যাশ মেমোরি। এটি একধরনের উচ্চগতির মেমোরি, যেখানে প্রসেসরের বারবার প্রয়োজন হয়—এমন তথ্য ও নির্দেশনা সাময়িকভাবে জমা রাখা হয়। ফলে প্রসেসরকে প্রতিবার র্যাম থেকে তথ্য সংগ্রহ করতে হয় না। র্যামের তুলনায় ক্যাশ মেমোরি থেকে অনেক দ্রুত তথ্য পাওয়া যায়।
এতে প্রসেসরের তথ্য প্রক্রিয়াকরণের সময় কমে এবং কম্পিউটারের সামগ্রিক কর্মক্ষমতা বাড়ে।আধুনিক কম্পিউটারে তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের মেমোরি ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে তথ্য আদান–প্রদানের গতির পাশাপাশি ধারণক্ষমতা ও খরচের পার্থক্য রয়েছে। সাধারণত দ্রুতগতির মেমোরির ধারণক্ষমতা কম ও দাম বেশি হয়। এ ব্যবস্থায় প্রসেসর ও র্যামের মাঝখানে অবস্থান করে ক্যাশ মেমোরি।
এটি প্রসেসরের কাছাকাছি থেকে প্রয়োজনীয় তথ্য দ্রুত সরবরাহ করে।কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যারে ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়।
সূত্র: প্রথম আলো