রাজধানীর লালবাগ ও মোহাম্মদপুর এলাকা থেকে আজ রোববার দুপুরে পেট্রলবোমাসহ দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁদের একজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মো. মাহির। অন্যজন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা শাহীন। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, লালবাগ এলাকা থেকে মাহিরকে চারটি পেট্রলবোমাসহ আটক করা হয়েছে।
আর মোহাম্মদপুর এলাকা থেকে শাহীনকে দুটি পেট্রলবোমাসহ আটক করা হয়।লালবাগ থানা পুলিশ জানিয়েছে, বেলা আড়াইটার দিকে ঢাকেশ্বরী মন্দির–সংলগ্ন এলাকায় পুলিশের তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি চালায়। ওই সময় মাহির রিকশায় করে ওই দিক দিয়ে যাচ্ছিল। পুলিশের তল্লাশিচৌকি দেখে ভয়ে রিকশা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করে থানায় নেওয়া হয়েছে। পরে তাঁর ব্যাগে চারটি পেট্রলবোমা পাওয়া যায়।
মাহির নিষিদ্ধ ছাত্রলীগের কামরাঙ্গীরচর থানার সহসভাপতি।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামিল হোসেন প্রথম আলোকে বলেন, ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সহায়তায় পেট্রলবোমা চারটি নিষ্ক্রিয় করা হয়েছে।
সূত্র: প্রথম আলো