বিদ্যুৎ ও জ্বালানিসংকটের চরম বাস্তবতায় যখন সারা দেশে লোডশেডিং এবং বিলের বাড়তি বোঝা জনজীবনকে বিপর্যস্ত করছে, ঠিক তখন সবুজ জ্বালানি বা নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার ক্রমাগত উৎসাহিত করে যাচ্ছে। তবে নীতি আর নির্দেশনার বাইরে এসে কীভাবে বাস্তব ক্ষেত্রে এই রূপান্তর ঘটানো সম্ভব, তার এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চবিদ্যালয় (জেবি স্কুল)।
সরকারের আহ্বানে সাড়া দিয়ে স্বপ্রণোদিত উদ্যোগ যে কত বড় সুফল বয়ে আনতে পারে, এই প্রতিষ্ঠান আজ তার এক বাস্তব প্রমাণ।বিদ্যালয়টির তিনটি ভবনের দুটির ছাদে ১২ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল বসিয়ে চালানো হচ্ছে শতাধিক ফ্যান, বাতি, কম্পিউটার এমনকি প্রধান শিক্ষকের কক্ষের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রও (এসি)।
তিন বছর আগে প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে গৃহীত এই পদক্ষেপ তাদের বিদ্যুৎ বিলের খরচ মাসে ৩০ হাজার টাকা থেকে কমিয়ে চার-পাঁচ হাজার টাকায় নামিয়ে এনেছে।
সূত্র: প্রথম আলো