ছুরি হাতে দুই ছিনতাইকারী। একটি রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে একে একে টাকা-পয়সা ও মালামাল কেড়ে নিচ্ছিলেন তাঁরা। তবে ওই যাত্রীর প্যান্টের ডান পকেটে থাকা কিছু একটা বের করতে পারছিলেন না ছিনতাইকারীরা। একপর্যায়ে তা বের করতে ছুরি দিয়ে যাত্রীর পকেট কাটতে দেখা যায় তাঁদের।এমনই ঘটনার একটি ভিডিও আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে।জানা গেছে, দুই ছিনতাইকারী ওই রিকশাযাত্রীর টাকাপয়সা ও মুঠোফোন ছিনিয়ে নেন। ছিনতাইয়ের দৃশ্য দেখতে পেয়ে আশপাশের কয়েকজন বাসিন্দা চিৎকার করে উঠলে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে পালিয়ে যান ছিনতাইকারীরা।ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিকশাযাত্রীর ডান পকেট থেকে কিছু একটা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন দুই ছিনতাইকারী।
এ সময় কিছুক্ষণ পরপর যাত্রীকে বলতে শোনা যায়-‘আরে ভাই, দিতাছি তো’।
সূত্র: প্রথম আলো