একজন নিঃস্বার্থ ও ভালো বন্ধু জীবনের আনন্দকে যেমন বহুগুণ বাড়িয়ে দেয়, তেমনি চরম বিপদের মুহূর্তে হয়ে ওঠে নির্ভরতার ছায়া। তবে ইসলামে বন্ধুত্ব শুধু পার্থিব আড্ডা, বৈষয়িক স্বার্থরক্ষা কিংবা সাময়িক বিনোদনের মাধ্যম নয়; এটি মানুষের দ্বীনদারি রক্ষা এবং পরকালীন মুক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক পরম নেয়ামত।কোনো মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করার অন্যতম প্রধান মাপকাঠি হলো—তার সঙ্গীরা কেমন।
যে বন্ধু বিপদে পাশে দাঁড়ায়, দেখা হলে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এবং কোনো ভুল হলে স্নেহভরে সংশোধন করে দেয়, ইসলামি জীবনদর্শনে সে-ই তো প্রকৃত বন্ধু।পবিত্র কোরআনে মুমিনদের পারস্পরিক বন্ধুত্বের পরিচয় দিয়ে আল্লাহ–তাআলা বলেন, ‘আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের পরম বন্ধু ও সহযোগী। তারা সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে; তারা নামাজ কায়েম করে, জাকাত আদায় করে এবং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে।
এদের ওপরই আল্লাহ অতিদ্রুত রহমত বর্ষণ করবেন।
সূত্র: প্রথম আলো