রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩ জনের মধ্যে ১২ জনকে পৃথকভাবে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যোগাযোগের তথ্য পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই ১২ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত আজ শনিবার আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের (সিটিটিসি) পরিদর্শক আখতার মোর্শেদ ১২ আসামিকে আদালতে হাজির করে তাঁদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সিটিটিসি জানায়, আসামিরা সবাই হোয়াটসঅ্যাপে ‘মিট আপ’ গ্রুপের সদস্য।
তাঁদের জিজ্ঞাসাবাদে ও ফোনে ওই গ্রুপের বার্তায় উগ্রবাদী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার তথ্য পাওয়া যায়।রিমান্ড আবেদনে বলা হয়, গতকাল শুক্রবার গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের ভিত্তিতে তেজগাঁও কলেজের মসজিদে অভিযান চালায় সিটিটিসি।
সূত্র: প্রথম আলো