ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার গুলশান অঞ্চলের অতিরিক্ত উপকমিশনারকে (এডিসি) বদলি করা হয়েছে। বদলি হওয়া এই কর্মকর্তার নাম মো. সরোয়ার হোসাইন। এ ছাড়া ডিএমপির আরও তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ শনিবার ডিএমপি সদর দপ্তরের এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়।
আদেশে বলা হয়েছে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।আদেশে জানানো হয় গুলশান অঞ্চলের এডিসি সরোয়ার হোসাইনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের ডেমরা অঞ্চলে বদলি করা হয়েছে।
আর ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এডিসি মো. আমিনুল হককে গুলশান অঞ্চলের নতুন এডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।একই আদেশে ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর অঞ্চলে এবং মিরপুর অঞ্চলের এডিসি ফারজিনা নাসরিনকে মিরপুর গোয়েন্দা বিভাগের পল্লবী অঞ্চলে বদলি করা হয়।এর আগে ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিল করেন।
সূত্র: প্রথম আলো