দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০ হাজার ৩৭৯ জনে।শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে—৪১৪ জন।
দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮ জন রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে।এ ছাড়া বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, বরিশাল বিভাগে ১৭৭ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ৪৭ জন ও সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৩২ জন রোগী।
সূত্র: প্রথম আলো