সরাফত আলীর স্ত্রী গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে যখন সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়া উড়োজাহাজে ছিলেন, তখন বাড়িতে অবুঝ তিন সন্তানকে নিয়ে লিচুর জুসের সঙ্গে ‘বিষ’ পান করেন সরাফত। বিষক্রিয়ায় যখন সবার যন্ত্রণা শুরু হয়, তখন রাত দুইটার দিকে এক স্বজনকে ফোন করেন বিষপানের বিষয়টি জানান সরাফত।সরাফত আলীর (৩৭) স্বজনদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিষপানে তিন শিশুর মৃত্যু ও চিকিৎসাধীন থাকা তাদের বাবা, পরিবার নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা। ময়নাতদন্তের জন্য তিন শিশুর লাশ আছে জেলা সদর হাসপাতালে। আর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন সরাফত আলী। তাঁর অবস্থা গুরুতর।সরাফতের স্বজনেরা জানিয়েছে, স্ত্রী ফাতেমা বেগমের বিদেশ যাওয়া নিয়ে মনোমালিন্যের জেরেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
সরাফত মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন।তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনীলাইন গ্রামে ওই ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো