বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বে ১০ জন রোগী চিকিৎসা নিলে অন্তত একজন রোগী ‘ক্ষতি’র মুখোমুখি হয়। বাংলাদেশে এই ধরনের কোনো হিসাব নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে বলা হয়েছে, দেশে ৩৮ শতাংশ রোগী চিকিৎসা নিতে গিয়ে অযত্ন বা অবহেলার শিকার হয়।গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সেমিনারে এই তথ্য দেওয়া হয়।
‘বিশ্ব রোগী নিরাপত্তা দিবস ২০২৬: অসংক্রামক রোগের জন্য নিরাপদ সেবা’ শীর্ষক এই সেমিনার যৌথভাবে আয়োজন করে ব্র্যাক, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং নাগরিক সংগঠন ইউএইচসি ফোরাম। বিশ্ব রোগী নিরাপত্তা দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। প্রতিবছর ১৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।
এ বছর অসংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের নিরাপদ সেবার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।অনুষ্ঠানে বলা হয়, দেশে বছরে মোট মৃত্যুর ৭১ শতাংশের কারণ অসংক্রামক রোগ।
সূত্র: প্রথম আলো