যুগ যুগ ধরে দান্তে আলিঘিয়েরির ‘দ্য ডিভাইন কমেডি’কে প্রায়ই মধ্যযুগীয় সাহিত্যিক প্রতিভার শিখর হিসেবে ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে অন্য সমালোচকেরা একে আসন্ন ইউরোপীয় রেনেসাঁর এক উজ্জ্বল শৈল্পিক অগ্রদূত বলে অভিহিত করেছেন। প্রখ্যাত অ্যাংলো-আমেরিকান কবি টি এস এলিয়ট তো এ পর্যন্ত বলেছেন, ‘দান্তে এবং শেক্সপিয়ার বিশ্বকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন।
তৃতীয় আর কেউ নেই।’ দান্তের ‘ইনফার্নো’ সম্পর্কে আসুন আমরা কিছুটা জানতে চেষ্টা করি।১২৬৫ থেকে ১৩২১ সাল পর্যন্ত জীবিত ইতালীয় কবি, রাজনৈতিক দার্শনিক, রাষ্ট্রনায়ক এবং সৈনিক দান্তের প্রভাব ও দীর্ঘ উত্তরাধিকারের কাছাকাছি খুব কম পশ্চিমা লেখকই পৌঁছাতে পেরেছেন।
তাঁর অবিসংবাদিত মহাকাব্যিক শ্রেষ্ঠ রচনাটি হলো ‘দ্য ডিভাইন কমেডি’ (লা দিভিনা কমেদিয়া), যা পাঠককে এক রূপকধর্মী, তিন পর্বের খ্রিষ্টীয় যাত্রায় নিয়ে যায়; এই যাত্রা শুরু হয় নরকের অগ্নিময় গহ্বর থেকে, এরপর তা পারগেটোরিতে গিয়ে শেষ হয় এবং অবশেষে বহুদূরের স্বর্গীয় জান্নাতে আরোহণ করে।
সূত্র: প্রথম আলো