গ্রীষ্মের দুপুরে রাস্তার পাশে কচি তাল বিক্রি হতে দেখেছ নিশ্চয়ই। বিক্রেতা দা দিয়ে তালের খোসা ছাড়িয়ে দেন। ভেতর থেকে বেরিয়ে আসে সাদা, নরম, জেলির মতো একটা জিনিস। তুমি হয়তো শুধু মিষ্টি স্বাদটাই খেয়াল করেছ। কিন্তু এই জেলি আসলে গাছের জীবনের একটা গোপন অধ্যায়।তালগাছে ফল ধরে, ফলের ভেতর বীজ তৈরি হয়। কিন্তু বীজ তো একা একা বড় হতে পারে না। তার দরকার খাবার, ঠিক যেমন সদ্যোজাত কোনো প্রাণীর দরকার হয় পুষ্টি।
উদ্ভিদবিজ্ঞানে এই খাবারের নাম ‘এন্ডোস্পার্ম’। কচি তালের ভেতরের ওই জেলিকে বলে এন্ডোস্পার্ম। এটা তৈরি হয় বীজের চারপাশে, যাতে ভ্রূণ অঙ্কুরিত হওয়ার আগে থেকেই খাবারের মজুত পেয়ে যায়।মজার ব্যাপার হলো, এই জেলি সব সময় এক রকম থাকে না। তাল যখন একদম কচি, তখন এই এন্ডোস্পার্ম থাকে তরল, অনেকটা পানির মতো। দিন যত গড়ায়, সেই তরল ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করে। প্রথমে হয় নরম জেলি, যেটা তুমি চামচ দিয়ে তুলে খাও।
আরও কিছুদিন পর সেটা শক্ত হয়ে যায়, তখন আর খাওয়া যায় না।
সূত্র: প্রথম আলো