ছোট একটি ঘর। সেটির স্যাঁতসেঁতে দেয়াল ঘেঁষে জমে আছে পানি। সেই পানিতে জন্ম নিয়েছে এডিস মশার লার্ভা। ঘরটির অবস্থান রাজধানীর লালমাটিয়ার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিউ কলোনি আবাসিক এলাকায়।গতকাল শনিবার সকালে কলোনির ওই ঘরের পাশে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা দেখতে পান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশকনিধনকর্মীরা। পরে ঘরের বাসিন্দাদের স্থানটি পরিষ্কার করতে বলেন তাঁরা। এরপর সেখানে ওষুধ ছিটিয়ে লার্ভা ধ্বংস করা হয়।
এ ছাড়া কলোনি এলাকায় আরও ছয় স্থানে পাওয়া যায় এডিসের লার্ভা। সেগুলোও ধ্বংস করা হয়।হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের ঠিকানা যাচাই করে ঢাকা উত্তর সিটি এলাকায় ডেঙ্গুর ১০০টি হটস্পট চিহ্নিত করেছে ডিএনসিসি।
এর মধ্যে ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিউ কলোনি আবাসিক এলাকাটি রয়েছে।অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৯টি ওয়ার্ডকে এডিস মশার প্রজনন ও ডেঙ্গুর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সূত্র: প্রথম আলো