দেশীয় ফ্রেইট ফরওয়ার্ডারদের সুরক্ষায় শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে নতুন করে লাইসেন্স না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারস অ্যাসোসিয়েশন (বাফা)। এ ছাড়া মোট বিলের ওপর ১ শতাংশ উৎসে কর প্রত্যাহার এবং স্থানীয় লেনদেনে বাংলাদেশি মুদ্রা ব্যবহারের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।এসব দাবিতে আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন করেছে সংগঠনটি।
মানববন্ধনে বাফার সদস্য ও ফ্রেইট ফরওয়ার্ডিং খাতের শতাধিক ব্যবসায়ী অংশ নেন।মানববন্ধনে বলা হয়, কয়েক দশক ধরে দেশীয় উদ্যোক্তারা এই খাতে বিনিয়োগ করে দক্ষতা, আন্তর্জাতিক যোগাযোগ ও স্থানীয় লজিস্টিকস সক্ষমতা তৈরি করেছেন। এ অবস্থায় শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে ফ্রেইট ফরওয়ার্ডিংয়ের লাইসেন্স দেওয়া হলে দেশীয় উদ্যোক্তারা অসম প্রতিযোগিতার মুখে পড়তে পারেন।বাফার উপদেষ্টা কবির আহমেদ বলেন, তাঁরা বিদেশি বিনিয়োগের বিরোধী নন।
তবে ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে নীতিগত পরিবর্তনের আগে তার অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করা প্রয়োজন।
সূত্র: প্রথম আলো