দূর থেকে পৃথিবীকে দেখলে মনে হবে এটি বুঝি স্থির একটি গোলক। কিন্তু আসলে পৃথিবীর ভেতরে ও বাইরের প্রায় সবকিছুই কমবেশি নড়াচড়া করছে। সমুদ্রের পানি, বরফ, বৃষ্টি, তুষার এমনকি বাতাসের ওজনের কারণেও পৃথিবীর ভরের অবস্থান বদলায়। ফলে পৃথিবীর ভরকেন্দ্র জ্যামিতিক কেন্দ্রের তুলনায় সামান্য এদিক-ওদিক সরে যায়।এই সরে যাওয়া ঠিক কতটুকু? নাসার বিজ্ঞানীরা নতুন এক পদ্ধতিতে এটি অত্যন্ত নির্ভুলভাবে মাপার উপায় বের করেছেন।
তাঁদের হিসাব অনুযায়ী, ঋতু বদলের সঙ্গে পৃথিবীর ভরকেন্দ্র কয়েক মিলিমিটার এদিক-ওদিক সরে যায়।ভরকেন্দ্রের এই নড়াচড়া কৃত্রিম উপগ্রহের অবস্থান নির্ণয়, মানচিত্র তৈরি এবং পৃথিবীর উচ্চতা মাপার মতো কাজে লাগে।
এই কেন্দ্রকে একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স পয়েন্ট বা নির্ভরযোগ্য ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়।দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) নেতৃত্বে একদল বিজ্ঞানী ঋতুভেদে পৃথিবীর ভরকেন্দ্রের এই নড়াচড়া আরও নিখুঁতভাবে হিসাব করার নতুন পদ্ধতি তৈরি করেছেন।
সূত্র: প্রথম আলো