দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা শ্রেয়। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফী রতন এই দাবি জানান।
বিবৃতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম এবং খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্র মো. আজমুল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান সিপিবির নেতারা।এ ছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে এসব নাশকতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানায় দলটি।বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো অপরাধ অতীতের যেকোনো সময়ের চেয়ে মারাত্মক রূপ নিয়েছে।
সূত্র: প্রথম আলো