কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) গত শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে বাসা থেকে বের হয়েছিল মায়ের আইফোন নিয়ে। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বের হওয়ার পর দীর্ঘ সময়েও সে বাসায় ফেরেনি। সন্ধ্যা সাতটার দিকে ওই ফোনে কল করে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর খোঁজাখুঁজি করে পরিবার।
রাত সাড়ে ১০টার দিকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। পরদিন শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়–সংলগ্ন সানন্দা এলাকার লালমাই পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে ছিল না মায়ের আইফোনটি। আর অপ্রতিমের কপালসহ মুখমণ্ডলে থেঁতলানো জখম ছিল। এ ঘটনায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন অপ্রতিমের বাবা।
পুলিশ এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে।
সূত্র: প্রথম আলো