র্যাব বিলুপ্ত করে পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি গঠন হওয়ার পর তারা তিন দিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ১৬৩ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় এসআরবি তাদের কাছ থেকে অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করে।
গত বুধবার থেকে গত শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়।এসআরবির (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ মামলা, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানার আসামিরা রয়েছেন।
এ ছাড়া অবৈধ অস্ত্র বহন, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, ডাকাতি, প্রতারণা, জাল টাকার কারবার, জুয়া খেলা, চোরাচালানি ও নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিরাও গ্রেপ্তার হয়েছেন।
সূত্র: প্রথম আলো