রফিক সাহেব অফিসে পৌঁছেই মনে মনে ভাবলেন, আজ বসের কাছে যে করেই হোক তাঁকে মনের কথাটা বলতেই হবে। ভাবতে ভাবতে মুখে রাজ্যের মায়া-মহব্বত জড়ো করে, কাঁচুমাচু মুখ নিয়ে বসের রুমে ঢুকে বললেন:-স্যার, একটা কথা ছিল!-একটাই কথা?-না মানে, কয়েকটাই…স্যার, আমি একজন নিম্নমধ্যবিত্ত মানুষ।-জানি তো।-দিন আনি, দিন খাই!-কী বললেন? আমরা কবে থেকে ডেইলি বেতন দিই? অ্যাকাউন্টসের লোককে ডাকেন তো! -না মানে, সেই অর্থে না।
মাস আনি, প্রথম কয়েক দিনেই খেয়ে ফেলি আরকি!-তা-ই বলুন। তারপর?-তারপর স্যার, বউ-বাচ্চা নিয়ে চলতে খুব কষ্ট, খুউউব! ‘কেউ বোঝে না বুকের বেতা!’ বলেই রফিক সাহেব জিবে কামড় দিলেন। বসের সামনে এই ফটকা ডায়ালগ মুখ ফসকে কী করে বের হলো! বস কেমন চোখ পাকিয়ে তাকিয়ে আছেন। কী মুসিবত!-না মানে স্যার, পাউরুটিরও দাম বেড়ে গেছে। আমি স্বল্প আয়ের মানুষ। প্রতি মাসে কয়টা টাকাই–বা পাই!-রফিক সাহেব, সামারিতে আসেন।
মাজেজা কী বলেন?-স্যার, প্রতি মাসে বেতন থেকে আমার মূল্যবান ৬৬৬ টাকা আয়কর কেটে নিচ্ছে।
সূত্র: প্রথম আলো