রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রেলওয়ে থানা, পার্সেল অফিস, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কার্যালয়সহ স্টেশনের বিভিন্ন স্থানে তাঁরা ভাঙচুর চালান।এ ঘটনায় ঢাকা অভিমুখী গতকাল রোববার রাত ১১টা ২০ মিনিটের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
ওই সময় যাত্রী, স্টেশনের কর্মকর্তা–কর্মচারী ও নিরাপত্তায় নিযুক্ত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ট্রেন বাতিলের খবরে দ্রুত স্টেশন এলাকা ত্যাগ করেন।
পরে রাত একটা ২০ মিনিটে শিক্ষকদের হস্তক্ষেপে শিক্ষার্থীরা স্টেশন ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শিক্ষার্থীরা গাছের ডাল, বাঁশ, লাঠি ও ইটপাটকেল দিয়ে স্টেশনের কাচের জানালা, ডাস্টবিন, দোকানপাট, কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ, কার্যালয়, সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন।
সূত্র: প্রথম আলো