প্রভাতের সংলাপ: ঢাকা শহরের সকালটা অ্যাবসার্ডিটির মতো নিষ্প্রভ পরম্পরাহীন। ছুটে চলা ব্যস্ত মানুষদের চোয়ালের নিচে ঝুলে আছে ধোঁয়ার মতো অস্পৃশ্য নাগরিক ক্লান্তি। কারওয়ান বাজারের রাস্তার ধারে এক নারী বসে আছেন। জীর্ণ নীল শাড়ি পরনে, চুলে ধুলো, হাতে ভাঙা তানপুরা। আর কণ্ঠভরা গান। ‘যে দুটি আঁখি সদা শ্যাম হেরে নয়নে যে মাথা নুয়ে পড়ে প্রভু প্রেম বয়ানে এমনি লাগিলো বাঁধন মীরা হইলো মগন।
... মরেও সে জীব অমর এ পৃথিবীতে প্রভুর প্রেমে যে জীব জীবন পারে দিতে অলিতে গলিতে মীরা হরি-গুণ গায় প্রাসাদে পালিতা রানী যোগী হয়ে যায়।’ রাস্তার লোকজন অদ্ভুত চোখে তাকায় নারীটির দিকে। কেউবা পাগল বলে টিটকিরি দিয়ে যায়। লাল বাস, মোটরসাইকেল, হকারের ডাক, স্কুলগামী কিশোরীর তাড়াহুড়ো, পোস্টারে মোড়া পিলার, ঝুলছে ব্যানার; প্রতিটি ব্যানারের ভাষাই প্রতিহিংসাত্মক। প্রতিটি পোস্টারেই ধর্মোপদেশ।
সেসবের ছত্রে ছত্রে শ্রেষ্ঠ ধর্মের কীর্তন ছড়ানো।
সূত্র: প্রথম আলো