রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একই সঙ্গে তিনটি প্রশাসনিক পদসহ ছয়টি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তাঁর নাম ফেরদৌস রহমান। তিনি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর ও বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক। এ ছাড়া তিনি সিন্ডিকেট ও কর্মকর্তা নিয়োগ বাছাই বোর্ডের সদস্য এবং কর্মচারী নিয়োগের আবেদন বাছাই কমিটিরও আহ্বায়ক।
এক ব্যক্তির একসঙ্গে ছয়টি দায়িত্বে থাকার বিষয়টিকে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। বিষয়টি নিয়ে ১০ জন শিক্ষকের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা আরও বলেছেন, গত ৭ ফেব্রুয়ারি সহযোগী অধ্যাপক পদ থেকে ফেরদৌস রহমানকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়।
এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি নীতিমালা লঙ্ঘন করা হয়েছে।ফেরদৌস রহমান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।
সূত্র: প্রথম আলো