চলতি বছরের ১২ জুনের এক সকাল। জ্যৈষ্ঠ মাস, খুব গরম পড়েছে। প্রতিদিনের মতো ময়মনসিংহের ব্রহ্মপুত্রতীরের কাছারিঘাটে হাঁটছিলাম। কাছারিঘাটের বাঁ পাশে ‘হিমু আড্ডা’র উত্তর দিকে সিসি ব্লকে বাঁধানো তীরের এক কোণে কাশফুলের ঝোপ। সেখানে চোখ পড়তেই দেখতে পেলাম কুমড়ো লতার মতো জড়ানো একধরনের উদ্ভিদ, যাতে ধরে আছে ছোট ছোট সবুজ ও সিঁদুরে লাল রঙের ফল।
এটিই আগমুখী—আমাদের প্রকৃতির এক অবহেলিত লতানো ভেষজ উদ্ভিদ।আগমুখীর বৈজ্ঞানিক নাম Cucumis maderaspatanus, এটি Cucurbitaceae পরিবারের উদ্ভিদ। এটি এশিয়া ও আফ্রিকার ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে ব্যাপকভাবে বিস্তৃত। বাংলাদেশ ও ভারতের গ্রামীণ অঞ্চলে লতাগুল্মের ঝোপঝাড়, খেতের আল কিংবা বাড়ির আশপাশের পুরোনো বেড়ায় প্রাকৃতিকভাবেই জন্মায় এই উদ্ভিদ।আগমুখী লতার কাণ্ড খুবই সরু, কোমল ও নমনীয়।
কাণ্ডের গা রুক্ষ এবং খসখসে ছোট ছোট কাঁটার মতো সূক্ষ্ম রোমে ঢাকা থাকে।
সূত্র: প্রথম আলো