খবর দুটি কাছাকাছি সময়ের। একটি খবর রাষ্ট্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত। কোনো কোনো গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ। বলা হয়েছে, এই ‘বেতন বৃদ্ধির লক্ষ্য মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মিলিয়ে আয় যৌক্তিক করা।’ নিশ্চয়ই সেটা দরকার আছে। আরেকটি খবর, দেশে বানরুটির দাম বেড়েছে।মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ঊর্ধ্বমুখী খরচের আঁচ প্রজাতন্ত্রের সবার ঘরে লাগে।
বহু বছর ধরে দেশে ৮-৯ শতাংশের বেশি হারে মূল্যস্ফীতি ঘটছে। এ ‘আগুন’ ধনী-গরিব মানে না। তবে অল্প আয়ের শ্রমজীবীদের অবস্থা নিশ্চিতভাবে বেশি করুণ। বানরুটির দাম বাড়া নিচুতলার জন্য তুষের আগুনে ধোঁয়ার মতো।রাষ্ট্রের নীতিনির্ধারকেরা নিশ্চয়ই জানেন, শিল্পের ১৭টি খাতে পুরোনো মজুরিকাঠামো বদলের দিনক্ষণ পার হয়ে গেছে। আরও তিনটি খাতে নতুন মজুরিকাঠামো ঘোষণার সময় হবে জানুয়ারিতে।
তার মানে এ মুহূর্তে ২০টি খাতের শ্রমজীবীদের জন্য বিদ্যমান আইন অনুযায়ী নতুন মজুরিকাঠামো দরকার।
সূত্র: প্রথম আলো