হঠাৎ পানি বৃদ্ধিতে পবা, বাঘা ও গোদাগাড়ীতে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ মোট ৩০৯ দশমিক ৫৯ হেক্টর।পদ্মা নদীর পানি বাড়ায় রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন এলাকার চরে আবাদ করা বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকেরা বলছেন, কয়েক দিন পানিতে ডুবে থাকায় পটোল, শসা, করলা, লাউ, ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ বিভিন্ন সবজি নষ্ট হয়ে গেছে।তবে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সব ফসল পুরোপুরি নষ্ট হয়নি।
অনেক কৃষক পানি সরিয়ে ও জমির আল উঁচু করে ফসলের বড় একটি অংশ রক্ষা করতে পেরেছেন।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পবা উপজেলার কসবা পদ্মার চরের বিভিন্ন জমিতে কয়েক দিন পানি জমে ছিল। এতে অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেছে।
শুধু পবা নয়, রাজশাহীর বাঘা, গোদাগাড়ী উপজেলাতেও বিভিন্ন ফসল তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।গতকাল রোববার দুপুরে পবা উপজেলার আলিমগঞ্জ এলাকায় গিয়ে দেখা গেছে, অনেক কৃষকের আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, টমেটোর গাছ পচে নষ্ট হয়ে গেছে।
সূত্র: প্রথম আলো