দেশে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পরও সরকারকে প্রতি লিটারে ৭০ টাকা লোকসান গুনতে হবে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে আপাতত বিকল্প নেই। তবে মূল্য বাড়ানোর পরও সরকারকে ভর্তুকি দিয়ে লোকসান সামাল দিতে হবে।
আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন। এর আগে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনার জবাব দেন রিজভী। তিনি বলেন, বাংলাদেশে ডিজেলের দাম গতকাল পর্যন্ত ছিল প্রতি লিটার ১১৫ টাকা। দাম ২০ টাকা বাড়ানোর পর তা ১৩৫ টাকা হয়েছে।
তাঁর দাবি, বাংলাদেশকে প্রতি লিটার ডিজেল প্রায় ২০৫ টাকায় কিনতে হয়।
সূত্র: প্রথম আলো