ইলিশ এখনো আসে। ভরা মৌসুমে নৌকা এখনো ঘাটে ভেড়ে, ঝুড়িতে এখনো রুপালি মাছ ওঠে। কিন্তু আসে আগের চেয়ে অনেক কম আর অনেক ছোট হয়ে। তিন বছর আগে চাঁদপুরের আড়তে জুলাইয়ের পর দিনে গড়ে দুই হাজার মণ ইলিশ উঠত। গত বছর উঠেছে চার শ মণ, এবার দিনে আড়াই শ মণও ওঠেনি। বরিশালের পোর্ট রোড মোকামে সম্প্রতি এক দিনে উঠেছে মাত্র ৫০ মণের মতো। ঘাটের এই হিসাব শুধু মাছের হিসাব নয়।
প্রতিটি হারিয়ে যাওয়া মণের পেছনে আছে কোনো জেলের না মেটানো দাদনের কিস্তি, কোনো সংসারের টান পড়া চাল।ইলিশ এ দেশে কেবল একটি মাছ নয়। দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২ শতাংশ আসে ইলিশ থেকে, জিডিপিতে এর অবদান প্রায় ১ শতাংশ আর প্রায় সাত লাখ জেলে সরাসরি এর ওপর নির্ভরশীল। ২০০৭-০৮ অর্থবছরে দেশে ইলিশ ধরা পড়েছিল প্রায় দুই লাখ ৯৫ হাজার টন।
জাটকা রক্ষার দেড় দশকের চেষ্টায় তা বেড়ে ২০২২-২৩ অর্থবছরে পৌঁছায় রেকর্ড পাঁচ লাখ ৭১ হাজার ৩৪২ টনে।
সূত্র: প্রথম আলো