পাবনার সুজানগরে সরকারি ডাক্তার জহুরুল কামাল ডিগ্রি কলেজের ১৪টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান শহিদুর রহমানকে প্রধান করে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এদিকে ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ সোমবার দুপুরে তাঁরা কলেজের সামনে দুলাই বাজার এলাকায় পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন।
মানববন্ধন থেকে কলেজের টাকা গেল কই এমন প্রশ্ন তুলে তাঁরা ঘটনার তদন্ত দাবি জানান।দুপুর ১২টার দিকে দুলাই বাজার এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে অবস্থান নেন কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। প্রথমে তাঁরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এরপর পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচি থেকে কলেজের টাকা ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
বিক্ষুব্ধ শিক্ষক ও অভিভাবকেরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের টাকা কোনোভাবেই অনিয়ম বা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা গ্রহণযোগ্য নয়।
সূত্র: প্রথম আলো