ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নিয়ে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রকল্পটির সম্ভাব্য বিনিয়োগ কাঠামো, কারিগরি বিষয় ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।আজ সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং চীনভিত্তিক প্রতিষ্ঠান ঝেজিয়াং ওয়েইমিং এনভায়রনমেন্টাল প্রটেকশন কোম্পানি লিমিটেডের (ওয়েইমিং) প্রতিনিধিরা অংশ নেন।বৈঠকে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও পরিচালনার কারিগরি ধারণা, সম্ভাব্য বিনিয়োগ মডেল এবং প্রকল্প বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রকল্পটি বাস্তবায়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও প্রতিমন্ত্রী ও চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মতবিনিময় করেন।বৈঠকে চীনা প্রতিষ্ঠানটির পরিবেশ সংরক্ষণ গ্রুপের চেয়ারম্যান চেং উলিয়াং, সভাপতির সহকারী উ জিয়ান এবং বিনিয়োগ বিভাগের ব্যবস্থাপক হুয়াং ওয়েইফেং উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো