বিকেল তিনটা বেজে ৬ মিনিট। পুলিশের কঠোর নিরাপত্তায় আদালতের হাজতখানা থেকে বের করা হয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী মাকছুদা ইসলামকে। তাঁদের হাতে হাতকড়া না থাকলেও মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরানো ছিলো। নজরুলের মুখে মাস্ক আর বাঁ হাতে ছিলো সোনালি রঙয়ের ঘড়ি।
পুলিশের নিরাপত্তায় হাজতখানা থেকে বের করে সিঁড়ি দিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের পঞ্চম তলায় ৮ নম্বর আদালতের কাঠগড়ায় উঠানো হয় তাদের। বিকেল ৩টা ১২ মিনিটে পুলিশ হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেয়। এ সময় বিচারক এজলাসে না থাকায় গাজী নজরুল তার আইনজীবীর সাথে কথা বলেন। বিকেল ৩টা ১৪ মিনিটে বিচারক এজলাসে আসেন। আদালতে উপস্থিত সবাইকে শান্ত হওয়ার নির্দেশ দিয়ে ৩টা ১৫ মিনিটে শুনানি শুরু করেন।
এ সময় আদালতের পেশকার মামলার নম্বরসহ আসামি গাজী নজরুল (৭৫) ও তাঁর স্ত্রী মাকছুদার (৬৫) নাম বলতেই গাজী নজরুল মাথা নিচু করেন।
সূত্র: প্রথম আলো