দুধ–বানরুটি খাওয়ার খানিক পরই শুরু হয় বমি, সঙ্গে পেটব্যথা। একে একে অসুস্থ হতে থাকে শিক্ষার্থীরা। প্রথমে বিদ্যালয়েই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ছুটতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে ৩১ শিক্ষার্থীকে। তাদের মধ্যে ২৯ জন এখনো হাসপাতালে ভর্তি।
আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর–১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ফিডিং কর্মসূচির আওতায় দেওয়া প্যাকেটজাত দুধ পান ও বানরুটি খেয়েছিল। দুধ খাওয়ার পরই তারা অসুস্থ হয়ে পড়ে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের ভাষ্য।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা বলছেন, হাসপাতালে আসা শিক্ষার্থীদের অনেকের বমি ও পেটের পীড়ার উপসর্গ ছিল।
সূত্র: প্রথম আলো