ডিজেলের দাম ১৭ দশমিক ৪০ শতাংশ বাড়ার পর বেসরকারি কনটেইনার ডিপোর বিভিন্ন সেবায় ৯ দশমিক ৮৫ শতাংশ ‘জ্বালানি সারচার্জ’ আরোপ করা হয়েছে। আজ সোমবার থেকে নতুন মাশুল কার্যকর হচ্ছে। এর ফলে কনটেইনারে পণ্য রপ্তানি এবং আমদানিতে খরচ বাড়ছে। বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা) এক নোটিশে নতুন মাশুল আরোপ করার কথা জানিয়েছে।
এতে বলা হয়, সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে ১৭ দশমিক ৪০ শতাংশ বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করেছে। বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমের বড় অংশে জ্বালানি, বিশেষ করে ডিজেল ব্যবহার হয়। ডিজেলের দাম বাড়ায় এসব কার্যক্রমের খরচও বেড়েছে।
এ কারণে সর্বশেষ পর্যালোচিত মাশুলের ওপর ৯ দশমিক ৮৫ শতাংশ ‘জ্বালানি সারচার্জ’ আরোপ করা হয়েছে।নোটিশে বলা হয়েছে, নতুন মাশুল আমদানি, রপ্তানি ও খালি কনটেইনার ব্যবস্থাপনার প্রায় সব গুরুত্বপূর্ণ ধাপেই প্রযোজ্য হবে।
সূত্র: প্রথম আলো