চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তন করা হয়েছে। গত ২৭ জুলাই উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমের জায়গায় নতুন উপাচার্য হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলম। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
শেখ শরীফুল আলম কুয়েটের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।হঠাৎ উপাচার্য পরিবর্তনের কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। ৫৬ দিনের মাথায় এমন পরিবর্তনে চুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে।
সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমও বলেছেন, এ সিদ্ধান্তের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না।প্রজ্ঞাপন অনুযায়ী, শেখ শরীফুল আলম যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সে পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
সূত্র: প্রথম আলো