কক্সবাজারের বিভিন্ন রিসোর্টে সাইবার ফাঁদ পেতে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ছয় বিদেশিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার দুপুরে তাঁদের কক্সবাজারের সিনিয়র বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া ছয়জন হলেন তাইওয়ানের নাগরিক ওয়েই ছিং ওয়েন এবং চীনের নাগরিক সু ইয়াংফান, ইয়ান চ্যাংশেং, সু হাইয়াং, উ চিয়ানশিয়ং ও ঝাং ঝেমিং।রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবুল কালাম বলেন, পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সুবিধাজনক সময়ে তাঁদের সাইবার প্রতারণার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ওসমান বলেন, ছয় বিদেশির অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা এবং তাঁদের কাছ থেকে উদ্ধার করা ডিভাইসগুলোর বিষয়ে আরও গভীর তদন্তের প্রয়োজন রয়েছে।
সূত্র: প্রথম আলো