দিনের ভোট রাতে করাসহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের জামিনের বিরুদ্ধে করা এই আবেদনটি শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ শুনানি হবে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস এম এমদাদুল হক সোমবার এ তারিখ নির্ধারণ করেন।ওই মামলায় জামিন চেয়ে হাবিবুল আউয়ালের করা আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৮ জুন হাইকোর্ট তাঁর জামিন প্রশ্নে রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে ৯ সেপ্টেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে পাসপোর্ট জমা সাপেক্ষে হাবিবুল আউয়ালকে জামিন দেওয়া হয়।
এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা চেম্বার আদালতের সোমবারের কার্যতালিকায় ৬৭ নম্বর ক্রমিকে ওঠে।আদালতে হাবিবুল আউয়ালের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও শাহদীন মালিক শুনানিতে অংশ নেন।
সূত্র: প্রথম আলো