মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। টানা চার দিন দরপতনের পর আজ দাম বাড়ল। আজ সকালে ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ছাড়িয়ে যায়। পরে আবার দাম কিছুটা কমে ১০১ ডলার ৮০ সেন্টে নেমে আসে। ডব্লিউটিআই ক্রুডের দামও আজ বেড়েছে।এ সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা হওয়ার সম্ভাবনা আছে, বিনিয়োগকারীরা সেই অপেক্ষায় আছেন। এর মধ্যে গত সপ্তাহের শেষে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ কিছুটা বেড়েছে।
বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগও কমেছে। এসব কারণে গত কয়েক দিন তেলের দাম টানা কমেছে। এরপর আজ দাম বাড়ল।রোববার যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরকে হুমকি দিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করতে তিনি রাজি।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পেজেশকিয়ান এ সপ্তাহে নিউইয়র্কে আসছেন।বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সাম্প্রতিক দরপতনের পর ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে।
সূত্র: প্রথম আলো